মোটরসাইকেল চালকদের নতুন নির্দেশনা কার্যকর
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ১০:০৮:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মহানগর পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে এটি কার্যকর হয়েছে। এখন থেকে টিনটেড ভাইসরযুক্ত হেলমেট ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, সিলেট মহানগর এলাকায় কোনো মোটরসাইকেল চালক টিনটেড ভাইসরযুক্ত হেলমেট ব্যবহার করতে পারবেন না। কারণ এ ধরনের হেলমেট ব্যবহারের ফলে অপরাধী শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক সময় বেগ পেতে হয়।
পুলিশ বিকল্প হিসেবে স্বচ্ছ ভাইসরযুক্ত হেলমেট ব্যবহারের পরামর্শ দিয়েছে। নির্দেশনা জারির পর তিন দিন সময় দেওয়া হয়েছিল, যাতে চালকেরা প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন। সেই সময়সীমা শেষ হয়েছে শুক্রবার রাত ১২টার পর্যন্ত। এরপর থেকে কেউ টিনটেড ভাইসর হেলমেট ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।





