সাহেবের বাজারে কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ১০:১২:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার কালাগুল মাখরখলা বাগানের পাশে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাগানের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মরদেহের সঙ্গে থাকা একটি ভিজিটিং কার্ড থেকে জানা যায় নিহতের নাম প্রতিবন্ধী কবিরাজ সানী (৫০) এবং বর্তমান ঠিকানা বিয়ানীবাজারের উমদারপাড়া উল্লেখ রয়েছে। নিহত সানী পরিবারসহ সিলেট সদর উপজেলার উমদারপাড়া এলাকার লোকমান মিয়ার কলোনিতে বসবাস করতেন। কবিরাজির পাশাপাশি তিনি ধূপাগোল পয়েন্টে অস্থায়ীভাবে কাপড়ের ব্যবসাও করতেন।
নিহতরে পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতারের পূর্বে তিনি সাহেবেরবাজার এলাকার ঘোড়ামারা গ্রামে রোগী দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে রওয়ানা হওয়ার প্রায় ১৫ মিনিট পর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি সৌমেন মৈত্র জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গলায় কুপ দেয়ার কারণে তার মৃত্যু হতে পারে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।





