নগরে এবার গলায় রামদা ঠেকিয়ে ছিনতাই
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৯:৪৮:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: পুলিশের ধারাবাহিক সাড়াশি অভিযানেও সিলেটে থামছেনা ছিনতাই। নগরীতে এবার ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা ব্যবসায়ীর নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার অপু সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা এবং ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রেতা বলে জানা গেছে।
এর আগে সিলেট নগরীর হাউজিং এস্টেট ও সাগরদীঘিরপাড় এলাকায় প্রকাশ্যে দুটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। চালানো হচ্ছে বিশেষ সাড়াশি অভিযান। গত ৫ দিনে গ্রেফতার হয়েছেন ৫ শতাধিক। এরপরও থামেনি ছিনতাই। ফলে জনমনে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী অপুকে ঘিরে ধরে। এ সময় হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। প্রাণভয়ে ওই ব্যবসায়ী তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন দিয়ে দেন। মুর্হুতের মধ্যেই ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। অপরাধীদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত-এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। সেই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনার নয়দিন পর গত ৫ মার্চ সকালে নগরীর সাগরদীঘির পাড় এলাকার ৩ নম্বর সড়কে এক কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনারও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।





