জুড়ীতে ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার প্রদান
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৭:৫৭:০৪ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের প্রায় ৫০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ উপহার (হাদিয়া) বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘আনোদ আল মোল্লা ট্রাস্ট’।
সোমবার সকালে ফুলতলা ইউনিয়ন হলরুমের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই ইউনিয়নের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার হিসেবে টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও এতিম কয়েকজন মাদ্রাসা ছাত্রকে নগদ অর্থ, পাঞ্জাবি,গামছা ও টুপি উপহার প্রদান করা হয়।
জানা গেছে, আনোদ আল মোল্লা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফয়জুর রহমান শামীমের অর্থায়নে এই ঈদ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও সংগঠনের দায়িত্বশীল সদস্যরা প্রত্যেক ইমাম-মুয়াজ্জিনের হাতে নগদ অর্থ তুলে দেন।
‘আনোদ আল মোল্লা ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক কামরান খাঁন এবং ব্যবসায়ী জয়নাল আবেদিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজ সেবক ও ফুলতলা বাজারের ব্যবসায়ী আমির হোসেন।
ঈদ হাদিয়া বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, ইউপি সদস্য আব্দুল গফুর সেলিম, জালাল আহমদ, ফুলতলা কেন্দ্রিয় মসজিদের ইমাম শাইখুল ইসলাম সাদী প্রমুখ।





