পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের শাবি শিবিরের খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৮:৪৮:২৬ অপরাহ্ন

শাবি প্রতিনিধি : পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ খাবারের আয়োজন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের ছুটিতে বিভিন্ন কারণে যারা বাড়িতে যেতে পারেননি, তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। কিন্তু অনেক শিক্ষার্থী ব্যক্তিগত ও বিভিন্ন কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেনি। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও বলেন, আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক ক্যাম্পাস গড়ে তুলতে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।





