মৌলভীবাজারে স্বাধীনতা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:২৪:৩৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি স্মরণ করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান ও জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়নসহ অনেকে।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াত, এনসিপিসহ অঙ্গ সংগঠন, মৌলভীবাজার প্রেসক্লাব, শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, মৌলভীবাজার সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য, পৌর প্রশাসক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সকাল সাড়ে ৮টায় সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এছাড়াও পৌরসভা জামায়াতের উদ্যোগে পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে বিকেলে স্থানীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




