শাহজালাল মাজার থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:৩৯:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন এলাকা থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হলেও পরবর্তীতে মৃতের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে মরদেহটি হস্থান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার নিহতের নাতি লাশটি গ্রহণ করেন।
এর আগে গত বুধবার (২৫ মার্চ) বিকেলে মাজারের প্রধান গেটের পাশে একটি খেজুর গাছের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের সাথে থাকা ব্যাগের মধ্যে চিরকুটে লিখে রাখা একটি মোবাইল নাম্বারের মাধ্যমে মৃতের স্বজনদের খুঁেজ বের করে পুলিশ।
এসএমপির শাহজালাল মাজারকেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল আজিজ শিমুলর সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত বৃদ্ধার নাম হোসনে আরা বেগম (৫৮)। তিনি নারায়নগঞ্জ জেলা সদর থানাধিন পশ্চিম দেওভোগ গ্রামের মোঃ নবি হোসেনের স্ত্রী এবং মাজার ভক্ত হিসেবে বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন।
তিনি বলেন, মৃতের সাথে থাকা একটি চিরকুটে লিখে রাখা তার নাতি মাহবুব হোসেন আশিকের মোবাইল নাম্বারে যোগাযোগ করে বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্থান্তর করা হয়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।





