ভূমি অফিসে মারামারি অফিস সহায়ক বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:৪১:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে ভূমি অফিসে কর্মকর্তা ও অফিস সহকারীর মধ্যে মারামারি ঘটনায় অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে সিলেটের জেলা প্রশাসন।
এর আগে বুধবার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন ও অফিস সহায়ক আয়াত উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটির গঠনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একইসাথে মারামারির ঘটনায় অফিস সহায়ক আয়াত উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা প্রশাসক কর্তৃক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়।
বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সহকারী কমিশনার জাহিন শাকিল ভূঞা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিয়ুক্তদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন অনুসারে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভূমি অফিসে মারামারির ঘটনাটি জেলা প্রশাসনের নজরে আসার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
জানা যায়, অফিস সহায়ক আয়াত উদ্দিন দেরীতে অফিসে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে তার নিয়ন্ত্রণকারী ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের তোয়াকুল ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তার (তহশিলদার) রুমে দরজা লক অবস্থায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তহশিলদার দেলোয়ার হোসেন ও তার অফিসের অফিস সহায়ক আয়াত উদ্দিনের মধ্যে তহশিলদারের অফিস রুমের দরজা লাগানো অবস্থায় একজন আরেকজন গলার কলার ধরে কিল-ঘুষি মারছেন। অফিসের বাইর থেকে সেবা গ্রহীতারা বলছেন দরজা খোলার জন্য। এক পর্যায়ে দরজা খুলে এক যুবককে ভেতরে প্রবেশ করে সংঘর্ষ থামাতে আয়াত উদ্দিনকে রুম থেকে বের করে দিতে দেখা যায়। এভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই এ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কেউ বলছে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আবার কেউ বলছে এ অফিস দুর্নীতির আখড়া যে কোন সেবা নিতে গেলেই ফি ছাড়া হয়না কাজ-এমন মন্তব্য স্থানীয়দের। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।




