নগরে পুলিশের অভিযানে ৩২ ঘন্টায় আটক ৬০
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:৪২:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারী।
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার আসামী ৯ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। এসময় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন মাদকসেবী, ৬ জন সন্দেহভাজন ব্যক্তি, ১ জন নিয়মিত মামলার আসামি এবং ৪ জন চোর রয়েছে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।




