স্পিকারের স্ত্রী বিয়োগ : প্রধান মন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শোক
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৬:৪০:৪৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ (৭৮) মারা গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ২৯ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিলারা হাফিজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। পরদিন সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।
শোক: এদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় দিলারা হাফিজ বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
অপরদিকে অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। আমি মহান আল্লাহ তা’আলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন।




