গ্রীস যাওয়ার পথে ভুমধ্যসাগরে দিরাইয়ের ৪ যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৯:০৯:৪৩ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি: লিবিয়া থেকে নৌকাযোগে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে টানা কয়েকদিন আটকা পরে সুনামগঞ্জের দিরাইয়ের একই গ্রামের তিন যুবকসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলের পর থেকে এই খবরটি পৌঁছালে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাওয়া যুবকরা হলেন, দিরাই উপজেলার তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না (৩৮), আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান (৩২), মৃত কারী ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া (২৫) ও উপজেলার রনারচর গ্রামের মুজিবুর রহমান (৩৬)।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় দালাল চক্রের মাধ্যমে গত রমজান মাসে লিবিয়া যাওয়ার জন্য বাড়ি ছাড়েন তারাপাশা গ্রামের ৪ যুবক। এর মধ্যে লিবিয়া থেকে প্রায় সপ্তাহ দিন আগে নৌকাযোগে গ্রিস যাওয়ার পথে ভুমধ্যসাগর পাড়ি দেয় তারা। এরপর থেকে পরিবারের সাথে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বক্তব্যে তাদের সাথে থাকা এক যুবকের বর্ণনা মতে দুর্ঘটনায় তাদের সাথে থাকা ১৮ জন নৌকাতেই মারা গেছেন। দুই দিন মৃতদেহগুলো নৌকায় ছিল। মৃতদেহ পঁচে দুর্গন্ধ ছড়ালে দিরাই’র ৪ জনসহ ১৮ জনের লাশ সাগরে ফেলে দেয়া হয়। মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।





