গোলাপগঞ্জে শটগানের কার্তুজ ও গুলীসহ এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৯:১৪:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি ও শটগানের কর্তুজসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে।
এসময় অভিযানে বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান, এয়ারগানের ১৬০টি গুলি এবং শটগানের ৪টি কর্তুজ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সিলেট বিভাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





