জৈন্তায় মোবাইল কোর্টের অভিযানে ২ জনকে দণ্ড
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৯:২৯:৩৩ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস ও ২জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শনিবার জৈন্তাপুর উপজেলার সারী-৩ এর লালাখাল এলাকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত নৌকা বিকল করে দেওয়া হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি নৌকা ও সংশ্লিষ্ট লোকজন পালিয়ে যায়।
অপরদিকে জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্ব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইজারাবিহীন নদী থেকে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে আটক করা হয়। তারা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের মসকত আলীর ছেলে নবী ইসলাম আমিন (১৯) ও চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নূরউদ্দিন ইসলাম (৪৫)।
পৃথক দুটি অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনে দুইটি মামলায় ২জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




