দোয়ারায় ধান কর্তন নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৬, ৯:৩৩:২২ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধান কর্তন নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে বিল্লাল মিয়া (৪৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়াননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গফুর এর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ান নগর গ্রামের নিহত বিল্লাল হোসেন এবং একই গ্রামের মছরব আলী উভয় প্রতিবেশী এবং পাশাপাশি বাড়ির বাসিন্দা। শুক্রবার দুপুর ২টার দিকে বিল্লাল মিয়ার ভাতিজা মশ্রব আলীর পক্ষের জমির ধান কর্তন করে গো-খাদ্যের জন্য। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের মধ্যে থেকে বিল্লাল মিয়া (৪৭)-কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার প্রস্তুতি চলছে।




