মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, মেয়ে হাসপাতালে
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৮:০৫:২৪ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : উত্তর-দক্ষিণ মহাসড়কের টাংকাকের নিকটে একটি মাল্টি-পারপাস ভেহিকল (এমপিভি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গার্ডরেইলে ধাক্কা খেলে এক ব্যক্তি নিহত এবং তার আট বছর বয়সী কন্যা গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে কিলোমিটার ১৫৫.৮ দক্ষিণমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তিন সদস্যের একটি পরিবার জোহর বারুর উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনায় ৪৬ বছর বয়সী সুফাত আইনি ঘটনাস্থলেই মাথা ও শরীরে গুরুতর আঘাতের কারণে মারা যান।
টাংকাক জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট রোসলান মোহদ তালিব জানান, গাড়িটি চালাচ্ছিলেন নিহতের ৪১ বছর বয়সী স্ত্রী। ধারণা করা হচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে থাকা গার্ডরেইলে আঘাত করে। সামনের যাত্রী আসনে বসা সুফাত গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন। পিছনের আসনে থাকা তাদের কন্যা শরীর ও মুখে আঘাত পেয়ে আহত হয়। তাকে দ্রুত মুয়ারের হাসপাতাল পাকর সুলতানাহ ফাতিমাহ (এইচপিএসএফ)-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং সড়ক পরিবহন আইনে মামলাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর নুরহিসিয়াম স্যাফিক মাত লোপার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। গাম্বির ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহদ খালিদ মোহদ আরিস জানান, বিকেল ৪টা ৪২ মিনিটে জরুরি কল পাওয়ার পর ছয়জন দমকলকর্মী ও একটি ফায়ার রেসকিউ টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি আরও জানান, নিহত ব্যক্তি সামনের যাত্রী আসনে আটকে পড়েছিলেন। পরে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে তাকে বের করে পুলিশে হস্তান্তর করা হয়। চালক স্ত্রী প্রাণে বেঁচে গেছেন।




