নগরে ৩২ ঘন্টায় আটক ৭১
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৯:৪৩:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারী।
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার আসামী ৩ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন মাদকসেবী, ৯ জন সন্দেহভাজন ব্যক্তি, ৪ জন নিয়মিত মামলার আসামি, ৩ জন জুয়াড়ি এবং ২ জন হকার রয়েছে।
শনিবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





