প্রবাসীদের সহযোগিতায় সিলেট প্রেসক্লাবে এনআরবি হেল্প ডেক্স চালু করবো : মুকতাবিস-উন-নূর
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৫:৫৫:১১ অপরাহ্ন
লন্ডন সংবাদদাতা: সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস্-উন-নূর বলেছেন, সাংবাদিকতা সমাজ, দেশ ও জাতির কল্যাণের জন্য না হলে সেই সমাজে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। একজন মানুষের যে কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে কিন্তু এ জন্য অপরাধী না হলেও তাকে রাজনীতির কারণে ক্ষতি করা যাবে না। কেউ অপরাধ করলে দেশের আইনে অপরাধী হিসেবে শাস্তি হবে। আইন হাতে তুলে নেয়া যাবে না। আমার সাংবাদিকতা জীবনে আমি সব সময় চেয়েছি সিলেটের রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। সিলেটের শিক্ষাঙ্গনে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে আন্তরিক সম্পর্ক বজায় থাকুক। মুকতাবিস-উন-নূর বলেন, প্রবাসীদের অবদানের কারণে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ তেমনি সিলেটের প্রবাসীরা দেশের জন্য নিবেদিতপ্রাণ। আমি চাই, সিলেটের এ প্রজন্মের মেধাবী প্রবাসী সন্তানদের সাথে প্রেসক্লাবের মাধ্যমে একটি সেতুবন্ধন তৈরী করে দিতে এবং তাদের মেধাকে স্বীকৃতি দিতে সম্মান জানাতে চাই। তিনি বলেন, সিলেটের প্রবাসীরা নানা ধরণের অবিচার ও হয়রানির শিকার হন। আমরা প্রবাসীদের সহযোগিতা করতে সিলেটে প্রেসক্লাবে খুব শীগ্রই এনআরবি হেল্প ডেক্স চালু করবো।
তিনি মঙ্গলবার (৩১ মার্চ) লন্ডন বাংলা প্রেসক্লাব হলে তাঁর সম্মানে আয়োজিত ‘সুহৃদ আলোচনা’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মুহিব চৌধুরীর সভাপতিত্বে ও দ্যা সানরাইজ টুডে সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের এক্সিকিউটিভ সদস্য এনাম চৌধুরীর পরিচালনায় এবং এলবি টুয়েন্টি ফোর টিভির ফাউন্ডার শাহ ইউসুফের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব, আইনজীবী, শিক্ষাবিদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
প্রকাশনা প্রতিষ্ঠান এমজেএম, এলবি টুয়েন্টিফোর টিভি, প্রথম বাইল্যাঙ্গুয়াল অনলাইন নিউজ পোর্টাল দ্যা সানরাইজ টুডে ও নতুনদিন এর আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সাবেক সভাপতি প্রফেসর শাহগির বখত ফারুক, বৃটিশ জাজ ব্যারিস্টার নজরুল খসরু ও শিক্ষাবিদ লেফটেনেন্ট কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, নিউহাম কাউন্সিলের সাবেক ডেপুটি চেয়ার ব্যারিস্টার নাজির আহমদ, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) সভাপতি অলি খান এমবিই, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সাদিক ইমাম শেখ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি আকরামুল হোসাইন, মুক্তিযোদ্ধা আহবাব চৌধুরী, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, সাংবাদিক সাঈদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর ডাইরেক্টর সাংবাদিক শফিকুল ইসলাম, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক মুসলেহ উদ্দিন আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, সাবেক ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক রহমত আলী, সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান, লন্ডন বাংলা প্রেসক্লাবের এসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুলাইমান আহমেদ, এনআরবি নিউজের সম্পাদক আজিজুল হক কায়েস, ওয়ান বাংলা নিউজের সম্পাদক জাকির হোসেন কয়েস, নতুন দিন সম্পাদক মরিয়ম রহমান পলি, ইকরা বাংলা টিভির চিফ রিপোর্টার খালেদ মাসুদ রনি, দ্যা সানরাইজ টুডে’র ডিজিটাল নিউজ এডিটর ফজলু মিয়া।
প্রফেসর শাহগির বখত ফারুক বলেন, সাংবাদিক মুকতাবিস্-উন-নূর সাংবাদিকতায় নৈতিকতা শেখার একটি প্রতিষ্ঠান। সিলেটের সামাজিক, রাজনৈতিক যে কোনো সংকটে তিনি বিভিন্ন সময় যে ভূমিকা পালন করেছেন সেগুলো থেকে আজকের প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
লেফটেনেন্ট কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, মুকতাবিস্-উন-নূর এর পরিচয় শুধু একজন সাংবাদিক বা সম্পাদক নন, তিনি এই সময়ে সিলেটের সামাজিক পর্যায়ে একজন যোগ্য অবিভাবক। আমরা তাঁকে বটবৃক্ষের মত মনে করি।
লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী বলেন, মুকতাবিস্-উন-নূর সিলেটের সাংবাদিকতায় এমন একদল সাংবাদিক ও সাংবাদিক নেতৃত্ব তৈরী করেছেন যারা ব্রিটেনের বাংলা সংবাদ জগতেও বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর হাতে মানসম্পন্ন সাংবাদিক তৈরী হয়েছেন বলেই সাতবার প্রেসক্লাবের মতো প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছেন।
সৈয়দ নাহাস পাশা বলেন, একজন সাংবাদিক যে সকল দল মতের মানুষের আস্থা এবং ভরসার জায়গা হতে পারেন মুকতাবিস্-উন-নূর এর জীবন্ত প্রমাণ। আমি মনে করি তিনি তাঁর সততার প্রশ্নে কখনো আপোষ করেননি বলেই আজ সবার কাছে এমন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।





