মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৮:১৮:৩৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জাতীয় নির্বাচনের পর রপ্তানিতে ইতিবাচক ধারা দেখার আশা করা হলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় মাস মার্চে রপ্তানিতে বড় ধাক্কা খেল বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত মার্চে বাংলাদেশের মোট রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.০৭ শতাংশ কমেছে।
তথ্য বলছে, ২০২৬ সালের মার্চে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ৩.৪৫ বিলিয়ন ডলার। আর ২০২৫ সালের একই মাসে রপ্তানি আয় এসেছিল ৪.২৫ বিলিয়ন ডলার। এই নিয়ে টানা আট মাস বাংলাদেশের রপ্তানি কমল। এর মধ্যে মার্চের রপ্তানি কমে যাওয়ার হার আগের আট মাসের মধ্যে সবচেয়ে বেশি।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় একদিকে চাহিদা কমছে, অন্যদিকে স্থানীয় উৎপাদনও ব্যাহত হচ্ছে—যা রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি শিল্প খাতে জ্বালানি তেল সরবরাহে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
ইপিবির তথ্য বলছে, তৈরি পোশাক ছাড়াও প্রধান পণ্যের বেশিরভাগেরই রপ্তানি কমেছে। এ তালিকায় রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং প্রকৌশল পণ্য। তবে এই সময়ে প্লাস্টিক পণ্যের রপ্তানি কিছুটা বেড়েছে। জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫.৩৯ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫ শতাংশ কম।





