ছবি আছে নদী ও হাওর রক্ষা আন্দোলনের গণসমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ১০:২১:০৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় প্রশাসনের ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং অপরিকল্পিত বাঁধের কারণে ফসলহানির আশংকায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় হাওর ও নদী রক্ষা আন্দোলন বিশ্বম্ভরপুর উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে পলাশ বাজারে ও দুপুর তিনটায় তাহিরপুর উপজেলা আহবায়ক কমিটির উদ্যোগে তাহিরপুর বাজারে অনুষ্ঠিত হয়। এতে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক, সাধারণ জনতা অংশগ্রহণ করেন।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা আহ্বায়ক নুরুল আলম সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব এমদাদুল হক মিলনের সঞ্চালনায় ও তাহিরপুরে গণসমাবেশে তাহিরপুর উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তৌফিক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব রিপচান হাবিব এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মোঃ রাজু আহমেদ। এছাড়াও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন উপজেলার কৃষকগন বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা হুঁশিয়ারি দেন, বরাদ্দের বিশাল অংশ লোপাট করে দায়সারাভাবে দুরমুজ না করে, বাঁশের আড় ও মাটি ফেলে কাজ শেষ দেখানো হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে অনিয়ম, লুটপাটের নীল নকশা তৈরি করা হয়েছিল বাঁধ নির্মাণের শুরু থেকেই। ফলে ফসল রক্ষা বাঁধ এখন হুমকির মুখে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




