গোয়াইনঘাটে হামলায় ইউপি সদস্যসহ আহত ৬
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৯:২৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে জমিজমা নিয়ে বিরোধে প্রবাসী পরিবারের উপর সন্ত্রাসী হামলায় মহিলা ইউপি সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ১ এপ্রিল বেলা দুটায় উপজেলার তোয়াকুল ইউপির চদিবদি হাওর গ্রামে।
জানা যায়, গ্রামের ইউকে প্রবাসী নবদ্বীপের পরিবারের সাথে সজল দাস, বিপুল দাস, সুজন, পংকজ গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বাড়ির পাশের জমিতে উভয়পক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন একই পরিবারের সুবল দাস (৭০), আবুল দাস (৪৫), বিমল দাস (৩২), সত্যেন্দ্র দাস (৩৫), বলরাম দাস (৭৫) এবং ইউপি মহিলা সদস্য মিটন দাস (৬৫)। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
তোয়াকুল ইউপি চেয়ারম্যান মো. লোকমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে সংঘর্ষ হয়েছে। ৫/৬ জন আহত রয়েছেন। এর মধ্যে আমার মহিলা সদস্য রয়েছেন। আঘাতে তার মুখের কয়েকটি দাঁত ভেঙ্গে গেছে। আমি তাদের দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি।





