কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশী নিহত
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ৯:০৪:২৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ (কাউয়ার টুক) সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ার গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে| সে কালাইরাগ (কারবালার টুক) গ্রামের ˆতয়ব আলীর ছেলে| বৃহস্পতিবার বিকাল ৩টায় কালাইরাগ কাউয়ার টুক এলাকার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে|
বিজিবি জানায়, অবৈধভাবে ভারতের প্রায় এক কিলোমিটার ভিতরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় ৩ জন বাংলাদেশী ভারতীয় খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে| এসময় ভারতীয় খাসিয়ারা সুপারি চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে বাংলাদেশী নাগরিক মো. সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে মারা যায়| পরে তার সাথে থাকা নাজিরগাঁও গ্রামের সোহেল আহমেদ সাবুর ছেলে সুমন মিয়া (২৫) ও কারবালার টুক গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. মাসুম আহম্মদ (২০) তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে| বিজিবি আরো জানায়, অবৈধ অনুপ্রবেশকারী এই ৩ জনই ইতোপূর্বে চোরাচালানী মালামাল পরিবহনের সাথে সম্পৃক্ত ছিল|
এর আগে গত ১ এপ্রিল কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকার ভারতীয় অংশে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশী নিখোঁজ হন| সাদ্দামের পরিবারের সদস্যরা জানিয়েছেন কয়েকজন বন্ধুর সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে| এরপর সে আর ফিরে আসেনি| সাদ্দামের বন্ধু আবু বকর জানিয়েছে সাদ্দামকে কোমর ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে| এখনো তার কোন সন্ধান মিলেনি|
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, ভারতে গিয়ে এক বাংলাদেশী নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি| লাশ ইতোমধ্যে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে| পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন করে পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করছে|





