মালনিছড়ায় মুখোমুখী সংঘর্ষ এড়াতে পর্যটকবাহী ২ বাস খাদে, আহত ১০
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ১০:১২:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে দুই বাসের মুখোমুখী সংঘর্ষ এড়াতে দুটি বাসই খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টার দিকে নগরীর এয়ারপোর্ট রোডের মালনিছড়া পুলিশ বক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি বাসেই পর্যটক ছিলেন। এরমধ্যে একটি বাস ছিল সাদাপাথর পর্যটনের আর অপর বাসটি রাহাত এন্টারপ্রাইজের। দুটি বাস বিপরীতমুখী পথে যাতায়াতের সময় প্রায় মুখোমুখী সংঘর্ষের উপক্রম হয়। তবে উভয় বাসের চালক সচেতন থাকায় বড়ধরণের দুর্ঘটনা থেকে দুটি বাসই রক্ষা পেয়েছে। প্রথমে সাদাপাথর পর্যটনের বাসটি খাদে পড়ে যায়। আর রাহাত এন্টারপ্রাইজের বাসটির আংশিক খাদে আটকে যায়। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। এসময় ১০ জন যাত্রী আহত হন। তাদের ওসমানী মেডিকেল ও বিভিন্ন হাসতাপালে ভর্তি করা হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি।
এর সত্যতা নিশ্চি করে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি মো. সহিদুর রহমান জানান, আহতদের উদ্ধার করা হয়েছে। সকলের অবস্থা স্বাভাবিক। কারো অবস্থা গুরুতর নয়। একটি বাস উঠানো হয়েছে। আরেকটি বাস এখন পর্যন্ত উঠানো যায়নি। তবে প্রচেষ্টা চলছে।





