এসএমপির ৩২ ঘন্টার অভিযানে আটক ১০৫
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ১০:০৯:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর এলাকায় অপরাধ কর্মকান্ড দমন ও অপরাধীদের গ্রেফতারে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির অ্যাকশন অব্যাহত রয়েছে। গত ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ১০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী রয়েছেন। এসময় ১২২ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগের ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ১০২ জনকে গ্রেফতার করা হয়েছিল। ১৭৭ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারী ও চোরাচালানকারীসহ সর্বমোট ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে নিয়মিত মামলার ১১ আসামী, ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ৫ জন মাদকসেবী ও মাদক কারবারি রয়েছেন। এসময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ৫৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া এসময় নগরী থেকে ৭.৫ লিটার দেশীয় কেরু মদ, ৩২ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এসময় অভিযানে বিভিন্ন প্রকার ৫১টি গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান ও ৭১টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও পৃথক অভিযানে আরো ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৫ জন নিয়মিত মামলার আসামি, ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ৭ জন সন্দেহভাজন আসামী ও ১৮ জন হকার রয়েছেন। এসময় ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।





