কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৯:৫২:৪০ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধিঃ প্রকৃতি, আধ্যাত্মিকতা আর মানুষের গভীর বিশ্বাস-এই তিনের এক অপূর্ব মেলবন্ধনের নাম ‘লাই হারাওবা’| মণিপুরি ˆমতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা এই উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি| শুক্রবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে|
ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া এই উৎসবে এবার ভিন্ন মাত্রা যোগ করেছিল ইউনেস্কো বাংলাদেশ ও জাতীয় জাদুঘরের প্রত্যক্ষ সহযোগিতা| ভারতের মণিপুর রাজ্য থেকে আসা গবেষক ও শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়|
ˆবশাখের গরম দুপুর পেরিয়ে বিকেলের মৃদু বাতাস যখন গাছের ডালপালায় দোলা দেয়, তখনই যেন প্রাণ ফিরে পায় উৎসব প্রাঙ্গণ| গ্রামীণ পথ ধরে দলে দলে মানুষ এসে জড়ো হতে থাকেন-কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুবান্ধব নিয়ে, আবার কেউ কেবল সংস্কৃতির টানে| সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা রঙিন জনসমুদ্রে পরিণত হয়|
উৎসবের আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের বর্ণিল উপস্থিতি| কিশোরী ও তরুণীদের খোঁপায় ময়ূরের পেখম, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী-পুরুষ, আর শিশুদের উচ্ছ্বাস—সব মিলিয়ে যেন এক চলমান শিল্পকর্ম| প্রাঙ্গণের চারপাশে বসে ছোট ছোট দোকান; খেলনা, প্রসাধনী থেকে শুরু করে পেঁয়াজু, বেগুনি, ঝালমুড়ি-সবকিছুতেই ছিল উৎসবের প্রাণচাঞ্চল্য|
শেষ দিনের বিকেল থেকেই জমে ওঠে মূল আয়োজন| শামিয়ানার নিচে দর্শকদের ভিড় বাড়তে থাকে, আর মঞ্চের পেছনে কুশীলবরা প্রস্তুত হন তাদের পরিবেশনার জন্য| ঢোল, খোল, বাঁশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে ধীরে ধীরে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ| সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শুরু হয় মূল নৃত্যপর্ব -যেখানে নারী, কিশোরী ও শিশুদের অংশগ্রহণে মঞ্চ যেন জীবন্ত হয়ে ওঠে|
‘লাই হারাওবা জগোই’ এই উৎসবের প্রাণকেন্দ্র, শুধু একটি নৃত্য নয়, বরং সৃষ্টির গল্প বলার এক আদি ভাষা| মাইবি বা নারী পুরোহিতদের নেতৃত্বে এই নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় সৃষ্টিতত্ত্ব, প্রকৃতি, মানবজীবনের নানা ধাপ এবং দেবতাদের প্রতি ভক্তি| সুর, তাল ও মুদ্রার সমš^য়ে পুরো পরিবেশ এক সময় রূপ নেয় প্রার্থনার মতো পবিত্র আবহে, যেখানে দর্শকরাও যেন নীরবে সেই আধ্যাত্মিক যাত্রার অংশ হয়ে যান|
আয়োজকদের ভাষ্যমতে, ‘লাই’ অর্থ দেবতা এবং ‘হারাওবা’ মানে আনন্দ অর্থাৎ এটি দেবতাদের আনন্দোৎসব| শতাব্দীর পর শতাব্দী ধরে এই উৎসব মণিপুরি জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু হিসেবে টিকে আছে| স্টিয়ারিং কমিটির সদস্য রবি কিরণ সিনহা (রাজেশ) বলেন, “এটি শুধু একটি উৎসব নয়, আমাদের অস্তিত্বের অংশ| প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এই ঐতিহ্য বহন করে চলেছি|”
সদস্যসচিব ওইমান লানথই জানান, “লাই হারাওবা আমাদের সংস্কৃতির জীবন্ত প্রতিফলন, যেখানে প্রকৃতি ও মানুষের আত্মিক সম্পর্ক গভীরভাবে প্রকাশ পায়|” আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) বলেন, “মাইবিদের নৃত্য এই উৎসবের মূল আকর্ষণ, যা নতুন প্রজন্মকে তাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে|”
এই আয়োজন বাস্তবায়নে সহায়তা করেছে ইউনেসকো বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর, যা উৎসবটিকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক গুরুত্ব দিয়েছে| তবে নির্ধারিত প্রধান অতিথি মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব উপস্থিত থাকতে না পারায় তাঁর পরিবর্তে জেলা বিএনপির সদস্য দুরুধ আহমেদ প্রতিনিধি হিসেবে অংশ নেন|
সবকিছু মিলিয়ে ‘লাই হারাওবা’ কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়-এটি বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতির এক অনন্য উদাহরণ, যেখানে ধর্ম, প্রকৃতি ও মানুষের অন্তর্গত বিশ্বাস একসূত্রে গাঁথা| এই উৎসব প্রমাণ করে, আধুনিকতার ঢেউয়ের মাঝেও ঐতিহ্য তার নিজ¯^ শক্তিতে টিকে থাকতে পারে,যদি থাকে মানুষের ভালোবাসা আর সম্মান|





