সপ্তাহের মধ্যে ছিনতাই-রাহাজানি নিয়ন্ত্রণ করুন : প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৪০:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ছিনতাই ও রাহাজানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী| তিনি বলেছেন, ছিনতাই-রাহাজানি রোধে এক সপ্তাহের মধ্যে ইতিবাচক ফলাফল দেখতে চাই|
রোববার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন|
মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ— এমন নয়| প্রশাসন ও জনপ্রতিনিধিরা সক্রিয় আছেন| গত মাসের তুলনায় এ মাসে পরিস্থিতি কিছুটা উন্নত| তারপরও আমরা সময় বেঁধে দিয়েছি— এক সপ্তাহের মধ্যে যেন কোনো অভিযোগ না থাকে|
প্রবাসী বিষয়েও কথা বলেন মন্ত্রী| তিনি জানান, মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরা কর্মীরা পুনরায় বিদেশে যেতে ভিসা সমস্যায় পড়লে সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করছে| যুদ্ধ পরিস্থিতিতে নিহত প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং বিদেশে অবস্থানরতদের নিরাপত্তায় বাংলাদেশ মিশনগুলো কাজ করছে|
সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গে তিনি বলেন, জয়েন্ট ভেঞ্চার চুক্তি ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে এবং খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার আশা করা হচ্ছে|
সভায় মন্ত্রী আইনশৃঙ্খলা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন| তিনি বলেন, প্রতি মাসের সভার প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে হবে, যাতে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করা যায়|
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, চোরাচালানের রুট চিহ্নিত করে ম্যাপ ˆতরি করতে হবে এবং প্রয়োজনীয় স্থানে চেকপোস্ট বসাতে হবে| বিশেষ করে তেল পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি|
এছাড়া জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী|
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|
সভায় সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর সিলেট ওসমানী বিমানবন্দরে ম্যাজিস্ট্রেট এর শূন্যপদে নিয়োগের দাবী জানালে মন্ত্রী সপ্তাহের মধ্যে নিয়োগের আশ্বাস প্রদান করেন|
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন| সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন|





