সুনামগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ : গণভোটের রায় বাস্তবায়ন না হলে দুর্বার আন্দোলন
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৯:৫৮:২৩ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট| রোববার বাদ আসর সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ১১ দলীয় জোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়| মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়|
সমাবেশে বক্তারা বলেন, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যা প্রতিহত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই| সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খাঁন|
তিনি বলেন, এই দেশের একজন কৃষক ও সাধারণ শ্রমিকও বুঝতে পারে একজন সম্মানিত মা যদি দুটি সন্তান প্রসব করেন, তবে একজনকে ˆবধ ও আরেকজনকে অবৈধ বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়| এমন প্রতারণার নজির পৃথিবীর ইতিহাসে নেই| বিএনপিকে তার অবস্থান থেকে সরে না আসলে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে| তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে জুলাই সনদের পক্ষে ৬৮ শতাংশ ভোটার রায় দিয়েছেন| সেই গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে| কিন্তু জুলাইযোদ্ধা ও ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ|
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেরারী এডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দিন, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান আল মাসুদ, এলডিপি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ইমদাদুল হক এবং এবি পার্টির জেলা কমিটির সদস্য মোশাহিদ আলম|




