সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলবো ঃ উপদেষ্টা হুমায়ূন কবির
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৬, ৯:২৭:১৮ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সিলেটের যোগাযোগ ও বিমান ভাড়া নিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
শনিবার (৩০ মে) বিকেল ৫টায় সিলেটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
সভায় হুমায়ুন কবীর বলেন, সিলেটের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। ঢাকা থেকে সিলেট আসতে বর্তমানে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে, যা যাত্রীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, “দীর্ঘদিন সংস্কার ও আধুনিকায়নের অভাবে ট্রেনযাত্রায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটি সময়সাপেক্ষ কাজ, রাতারাতি সমাধান সম্ভব নয়। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।”
বিমান ভাড়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সিলেটের যাত্রীদের ক্ষেত্রে বিমান ভাড়ায় বৈষম্য রয়েছে। অনেক সময় অন্য গন্তব্যের তুলনায় সিলেট রুটে ভাড়া অস্বাভাবিকভাবে বেশি থাকে।
হুমায়ুন কবীর বলেন, “বিমান ভাড়ায় সিলেটের সঙ্গে বৈষম্য হচ্ছে। এ সমস্যার একটি কার্যকর সমাধান প্রয়োজন। বিষয়টি নিয়েও আমরা কাজ করব।”
সভায় উপস্থিত সাংবাদিক প্রতিনিধিরা সিলেটের সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়া সত্ত্বেও যোগাযোগ অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
উপস্থিত সাংবাদিকরা পররাষ্ট্র নীতির বিষয়ে কোন বিষয়টি সরকার প্রাধান্য দিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে
সরকার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সবার আগে প্রধান্য দিয়ে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করছে। ওয়াশিংটন, দিল্লী, বেইজিং ও আরব বিশ্বের সঙ্গে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কে স্বাভাবিক রয়েছে।
এসময় আগামী ২ জুন জাতিসংঘের সাধারণ নির্বাচনে বাংলাদেশের ভালো একটি অবস্থানের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাব সভাপতি দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীসহ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।





