গুজরাটে গুঁড়িয়ে দেয়া হলো ১০৬টি মুসলিম বাড়ি
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ৯:০১:২১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সুরাটে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে ১০৬টি মুসলিম বাড়ি। স্থানীয় পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়।
শুক্রবার (১২ জুন) দেশটির একটি সংবাদমাধ্যম জানায়, সুরাটের নাসির নগরে অবস্থিত মুসলিম এলাকার অন্তত ১০৬টি বাড়ি পূর্ব কোনো নোটিশ ছাড়াই গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে পৌরসভার তরফ থেকে জানানো হয়, এই বুলডোজার পৌরসভার নির্দেশে চালানো হয়নি। পৌরসভা উচ্ছেদের কোনো নোটিশও দেয়নি।
আরো অবাককরা ব্যাপার হলো- দীর্ঘ সময় ধরে এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছিল পুলিশের সামনেই, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।
তবে, পুলিশ এ ব্যাপারে পৌরসভার উল্টো দাবি করেছে। সংস্থাটি জানায়, তাদের কাছে পৌরসভা থেকে ফোন আসে বুলডোজার চলবে, তাই আইন শৃঙ্খলার বিষয় দেখার জন্য ফোর্স পাঠানো হয়।
ঘরহারা বাসিন্দারা গুজরাট হাইকোর্টে অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে তাদের বিকল্প আশ্রয়স্থলের ব্যবস্থা করা হোক। বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা হোক। তাদের বিকল্প বাসস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে পৌরসভাকেই। সেই সাথে দোষীদের চিহ্নিত করে সাজারব্যবস্থা করতে হবে।
এই বিনা নোটিশে বুলডোজার ও তৃতীয় পক্ষের আগমন নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিক হাইকোর্ট। এফআইআর করা হোক ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ ও পৌরসভার অফিসারদের বিরুদ্ধেও।
তবে পৌরসভার চেয়ারম্যান রঞ্জন পটেল দাবি করেছেন, তারা এই কাজ করেননি। তদন্ত করে দেখা হচ্ছে এই নির্দেশ কারা দিয়েছিলেন।
গুজরাট মাইনরিটি কো-অর্ডিনেশন কমিটি এই ঘটনায় মুখ্যমন্ত্রী সুরাট মিউসিপ্যাল করপোরেশন পুলিশ কমিশনারের কাছে পত্র লিখে তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছে।




