লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১১
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ৯:০৬:৩৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ও দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার (১১ জুন) ইসরাইলি হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২৫ জন। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননের টায়ার জেলার আব্বাসিয়েহ শহরে চারজন নিহত এবং দেইর কানুন আল-নাহরে দু’জন নিহত হয়েছেন।
সংস্থাটি জানায়, নাবাতিয়েহ জেলায় হাব্বুশ মহাসড়কে একটি মোটরসাইকেলের ওপর ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে মোটরসাইকেলটির চালক নিহত হন। এছাড়া আব্বাসিয়েহ এলাকায় ইসরাইলি হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
এদিকে টায়ার শহরে ইসরাইলি যুদ্ধবিমান হিরাম হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে হামলা চালায়। এতে একজন নিহত এবং হাসপাতালের ১০ জন নার্স ও কর্মচারীসহ ১৭ জন আহত হন।
অন্যদিকে, পূর্ব লেবাননের বালবেক অঞ্চলে ইসরাইলি হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়াও সোহমোর শহরের কাছে এবং পশ্চিম বেকা অঞ্চলে পৃথক ড্রোন হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইল গত ২ মার্চ থেকে লেবাননের বিরুদ্ধে এক মারাত্মক অভিযান শুরু করেছে। এতে কমপক্ষে তিন হাজার ৭১১ জন নিহত, এক লাখ ৪৮৩ জন আহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি




