কবি হাসান মোছাদ্দিকের চার গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ৯:২৫:৩৮ অপরাহ্ন

লেখক ও কবি হাসান মোছাদ্দিকের নতুন চারটি গ্রন্থ ‘অলপ্তিতা, ‘অনুকম্পা’, ‘বিরহের ছায়াপথ’ ও ‘রঙ্গরসিক’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংগঠন ‘সাইক্লোন-এর ৩৪৬তম সাহিত্য আসরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও সাইক্লোনের সাবেক সভাপতি জাবেদ আহমদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা অয়েল এর ডিরেক্টর এবং বাচিকশিল্পী-কবি সালেহ আহমদ খসরু, কেমুসাস-এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর সিলেট ব্যুরো চিফ সেলিম আউয়াল, শিশু সাহিত্যিক কবি সালেহ আহমদ, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত নিবাহী পরিচালক কবি আমিনুল ইসলাম কাজল, ছড়াকার মুজিবুর রহমান শাহিন ও কবি মামুন সুলতান।
সাইক্লোনের সভাপতি ভ্রমণ কাহিনী লেখক মুয়াজ আফসারের তত্ত্বাবধানে ও ছড়াকার আবদুস সামাদ অয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন সিলেটের সাধারণ সম্পাদক কবি ইসরাত জাহান জেলি।
অনুষ্ঠানে আলোচনা ও লেখাপাঠে অংশ নেন ফয়জুল হক, ছয়ফুল আলম পারুল, সৈয়দ রেজাউল হক, মিলন কান্তি দাস, ফজলুর রহমান ফজলু, কুবাদ বক্ত চৌধুরী, বাউল মঞ্জিল শাহ, কেএম জুমাইল বক্স, হাসান চৌধুরী, এনামুল হক, জুবের আহমদ সার্জন, মোঃ হুসাইন আহমদ, মকসুদ আহমদ লাল, আদিল আনোয়ার, জুবাইদা বেগম আখি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।
মোড়ক উন্মোচন শেষে কবি হাসান মোছাদ্দিকের সাহিত্যকর্ম, সৃজনশীলতা ও সমসাময়িক লেখালেখি নিয়ে আলোচনা করেন অতিথিরা। বক্তারা বলেন, হাসান মোছাদ্দিক সমসাময়িক বাংলা সাহিত্যের একজন অত্যন্ত নিভৃতচারী ও শক্তিশালী সাধক। তাঁর দীর্ঘদিনের সাহিত্য চর্চার ফসল হিসেবে আজ একসঙ্গে চারটি গুরুত্বপূর্ণ বই আমরা হাতে পেয়েছি। তিনি মানব মনের সূক্ষ্ম অনুভূতি, প্রেম ও দর্শনের যে মেলবন্ধন ঘটিয়েছেন, তা পাঠকদের গভীরভাবে আলোড়িত করবে। তিনি সমকালীন সমাজ, প্রেম, বিরহ এবং জীবনের নানা অনুষঙ্গ অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে লেখক ও কবি হাসান মোছাদ্দিক বলেন, একজন লেখকের আসল সার্থকতা ও অনুপ্রেরণা হলো তাঁর পাঠক। নানা ব্যস্ততার মাঝেও আমি আমার সাহিত্য সাধনা থামিয়ে রাখিনি। এই চারটি গ্রন্থ আমার দীর্ঘদিনের শ্রম ও অনুভূতির ফসল। আজ প্রিয় মানুষ ও গুণীজনদের উপস্থিতিতে এই মোড়ক উন্মোচন আমার লেখক জীবনকে আরও দায়বদ্ধ করে তুলল। আশা করি, বইগুলো পাঠক মহলে সমাদৃত হবে। বিজ্ঞপ্তি




