বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ জর্ডানে
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৮:২৬:৩০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জর্ডানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন| এছাড়াও শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগও রয়েছে| বুধবার ( ১৭ জুন) জর্ডানের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে|
দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন| এর আওতায় কোনো ধরণের জরিমানা ছাড়াই দেশে ফেরত যাওয়া যাবে, শর্তসাপেক্ষে এ দেশে থেকে কাজও করা যাবে, কর্মস্থল পরিবর্তনও করা যাবে| কোনো কোনো ক্ষেত্রে গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন|
ভ্রমণ ভিসায় এ দেশে এসেছেন এমন কেউ ‘ওয়ার্ক পারমিট’ এর আবেদন করতে পারবেন| বিস্তারিত এ সপ্তাহের মধ্যেই জানানো হবে| সাধারণ ক্ষমার আওতায় প্রযোজ্য যে কোনো সুবিধা গ্রহণ করার জন্য দূতাবাসের সহায়তা নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে|






