সিলেটি পাঞ্চায়িত সংস্থার মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৮:৪৩ অপরাহ্ন

সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সিলেটি পাঞ্চায়িত সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেটি পাঞ্চায়িতের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিলান আহমদ হেলালের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদের সঞ্চালনায় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান, কেন্দ্রীয় সদস্য আমীনুজ্জামান চৌধুরী, সামসুল হক, ইফতেখার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কামাল আহমেদ ও নিজাম উদ্দিন।
সভায় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সহকারী পরিচালক আমীনুজ্জামান চৌধুরী কর্মজীবন থেকে অবসর নেওয়ায় সংস্থার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৪৭ সালে ঐতিহাসিক গণভোটের মাধ্যমে নিজস্ব ভাষা ও স্বতন্ত্র সংস্কৃতি অক্ষুণœ রাখার শর্তে সিলেট তৎকালীন পূর্ব পাকিস্তানে যোগদান করেছিল। জাতীয় নেতৃবৃন্দও সে সময় সিলেটকে আলাদা মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে তারা উল্লেখ করেন।
বক্তারা সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সিলেটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি তুলে তারা বলেন, সিলেটি ভাষার নিজস্ব বর্ণমালা ‘নাগরি লিপি’ রয়েছে এবং এ ভাষার সমৃদ্ধ ও প্রাচীন সাহিত্য ঐতিহ্য রয়েছে।
বক্তারা সিলেটি ভাষার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে অবিলম্বে এটিকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার দাবি জানান। বিজ্ঞপ্তি






