সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪০:৩৮ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, সরকারি দলের নেতাকর্মীদের উসকানিমূলক বক্তব্য, স্লোগান ও মব সৃষ্টির কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিভিন্ন স্থানে হামলা, সংঘাত ও ভাঙচুরের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে। বিরোধী দলের জনসংশ্লিষ্ট কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা দেখে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে সরকার দলের নেতাকর্মীরা উসকানিমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তাদের মব ও হামলা থেকে স্বাস্থ্য ক্লিনিক, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক কার্যালয়ও রেহাই পাচ্ছে না। চাঁদাবাজিও উদ্বেগজনকভাবে বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে রাজনৈতিক বক্তব্য ও স্লোগানের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হচ্ছে।
তিনি শনিবার রাতে নগরীর টিলাগড় এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২১ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ছাতকের গোবিন্দগঞ্জ কলেজে একটি সংগঠনের নবীনবরণ অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে মব হামলা ও রাজনৈতিক সংঘাতের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। সরকারকে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে উসকানিমূলক বক্তব্য ও মব সৃষ্টির রাজনীতি পরিহার করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। রাষ্ট্র ও সরকারের সব স্তরে জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে চায়। জামায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়া হলে ইনসাফভিত্তিক, সুখী-সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করা হবে।
২১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হামিদ বকস মুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সোহাইল আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- শাহপরান পশ্চিম থানার নায়েবে আমীর মো. আব্দুর রব, জামায়াত নেতা মহসিন উদ্দিন আহমদ ও দেলোয়ার হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি






