চলন্তিকা ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৭:৪৩:৫৬ অপরাহ্ন

খেলাধুলার বিকাশ, তরুণদের সংগঠিত করা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের লক্ষ্য নিয়ে ১৯৮৬ সালে সিলেট নগরের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় যাত্রা শুরু করে চলন্তিকা ক্রীড়া চক্র। চার দশকের পথচলায় খেলাধুলার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে সংগঠনটি অর্জন করেছে স্থানীয় মানুষের আস্থা।
সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাত সাড়ে ৯টায় নিজস্ব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. শাহীন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাবুল কামাল রেকির পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ কারী জাহেদ আহমদ।
সংগঠনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৯০ সালে আন্তজেলা ফুটবল প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে চলন্তিকা ক্রীড়া চক্র। ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার প্রসারেও সংগঠনটি ভূমিকা রেখেছে। পাশাপাশি ঈদ-পূজায় অসহায় মানুষের মধ্যে উপহার বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা এবং করোনাকালে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি।
সংগঠনের কার্যক্রমে প্রবাসী শাখার সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন প্রবাসী শাখার উপদেষ্টা সৈয়দ শামিম হোসেইন, সভাপতি ফয়সল আহমদ জসী, নাজমুল হুদা মিনু ও কোষাধ্যক্ষ মোনায়েম খান। অনুষ্ঠানে সংগঠনের মরহুম প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন আহমদসহ প্রয়াত সদস্যদের স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা দিলওয়ার হোসেন দিলু, জুনেদ আহমদ জুনু, সহসভাপতি মো. আব্দুস ছালাম ও মো. রকিব খানসহ কার্যপরিষদের সদস্য এবং প্রতিষ্ঠাকালীন সদস্যরা বক্তব্য দেন।
বক্তারা সংগঠনের অতীতের অর্জন তুলে ধরে ভবিষ্যতেও খেলাধুলার প্রসার ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি






