লিডিং ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের গবেষণাপত্রবিষয়ক অভিজ্ঞতা বিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৬:৪৮:২৯ অপরাহ্ন

শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফল অর্জনে গবেষণাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
সোমবার দুপুর আড়াইটায় লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১-এ গবেষণাপত্রবিষয়ক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে মোট পাঁচটি গবেষণাপত্রের ওপর শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ফাইনাল ইয়ারে ডিসার্টেশন বা গবেষণাপত্র তৈরি, উপস্থাপন ও জমা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের এ অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণাপত্র তৈরির বিভিন্ন দিক সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছে।
অভিজ্ঞতা বিনিময় পর্বে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য তিনি ইংরেজি বিভাগের অ্যালামনাইদের ধন্যবাদ জানান। পাশাপাশি প্রথমবারের মতো এ ধরনের গুরুত্বপূর্ণ আয়োজন করায় ইংরেজি বিভাগকেও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে গবেষণাপত্র তৈরি, উপস্থাপন ও জমা দেওয়ার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থী ফাইজা ও হালিমা এবং বিএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থী তৃণা রাণী তালুকদার, রাহুল বিশ্বাস ও অহনা আনজুম জুঁই। তাঁদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফরাতুল মুনতাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের প্রভাষক নাদিয়া সুলতানা ডেইজি। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






