কালীপূজায় পটকা বিক্রি বন্ধে জেলা প্রশাসককে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৬:৪৯:১২ অপরাহ্ন
আসন্ন কালীপূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম বিপিএমের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখা।
মঙ্গলবার দুপুরে সংগঠনটির মহানগর শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের হাতে পৃথকভাবে এ স্মারকলিপি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ, সদস্যসচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অঙ্গগ দে, সুব্রত দে সুমিত, দিলীপ কুমার চন্দ, বিশ্বজিৎ সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ৮ নভেম্বর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে, বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রি করা হয়। এসব পটকা সহজেই সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়, যা জনজীবনে বিরক্তি সৃষ্টির পাশাপাশি জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
স্মারকলিপিতে কালীপূজার আনন্দ ও ধর্মীয় পরিবেশ নির্বিঘ্ন রাখতে বিপজ্জনক পটকার ব্যবহার ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি






