চাকরি স্থায়ীকরণের দাবিতে সিসিকের ২৪১ কর্মচারীর স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৬:৫১:৩৮ অপরাহ্ন
চাকরি স্থায়ীকরণের দাবিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ২৪১ জন কর্মকর্তা-কর্মচারী। উচ্চ আদালতের নির্দেশনার পরও দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ী না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁরা। এবার সাত কার্যদিবসের সময়সীমা বেঁধে দিয়ে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। সোমবার সিসিকের প্রশাসক বরাবর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মাধ্যমে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। এতে আগামী সাত কার্যদিবসের মধ্যে চাকরি স্থায়ীকরণে দৃশ্যমান ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২৪১ কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে ২০১৫ সালে হাইকোর্টে রিট পিটিশন (নং-৯১৪৩/২০১৫) দায়ের করা হয়। ২০১৮ সালের ১৮ মার্চ হাইকোর্ট তাঁদের পক্ষে রায় দেন। পরবর্তী সময়ে সিসিকের দায়ের করা লিভ টু আপিল (নং-১৩০৪/২০১৯) খারিজ করে ২০২৩ সালের ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাঁদের দক্ষতা বিবেচনায় নিয়ে নিয়মিতকরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন বলে স্মারকলিপিতে দাবি করা হয়েছে।
কর্মচারীদের অভিযোগ, আদালতের নির্দেশনার পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও চাকরি স্থায়ীকরণে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ধরে মাস্টাররোলে কাজ করেও তাঁরা স্থায়ী নিয়োগ পাননি। ইতিমধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পার হয়ে যাওয়ায় তাঁরা ও তাঁদের পরিবার চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত বা কার্যকর অগ্রগতি না হলে আগামী ১১ নভেম্বর থেকে সিটি করপোরেশনের সীমানার বাইরে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন তাঁরা।
এদিকে, আদালতের রায়ের আলোকে চাকরি স্থায়ীকরণের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিজ্ঞপ্তি






