বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৫:৫১:৩৮ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে সিলেট জেলা বিএনপি। মঙ্গলবার রাত ৯টায় নগরীর মেন্দিবাগস্থ ‘এমরান ল অ্যাসোসিয়েট’ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ওই দিন দুপুর ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। দিবসটি যথাযথভাবে উদযাপন ও কর্মসূচি সফল করতে সভায় বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






