মিয়ানমার বিজিপি ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৪, ৮:৫৮:১২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার ১৬ এপ্রিল সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আষাঢ়তলী, জামছড়ি ও ঘুমধুম ইউপির রেজু সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে আশ্রয় নেয়। আপাতত তাদের নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনীর সদস্যরা সংঘাতে বিদ্রোহীদের সাথে টিকতে না পেরে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জামছড়ি বিওপি দিয়ে ১০ বিজিপি সদস্য, রেজু আমতলী পাড়া বিওপি দিয়ে ২ বিজিপি সদস্য এবং বাইশছড়ি বিওপি দিয়ে ১ জন প্রবেশ করেছে।
এর আগে গত ১১ মার্চ মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সাথে সংঘর্ষের পর বাংলাদেশে পালিয়ে আসা বিজিপির ১৭৯ সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের ১১ বিজিবি ক্যাম্প সংলগ্ন বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।





