সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৭:১২:০৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও পোষা প্রাণীর ওষুধ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার গভীররাতে সেনাবাহিনী ও বিজিবি বিশেষ অভিযান চালিয়ে জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। এ সময় ১৮ হাজার ৯ শত ৭৭ পিস ভারতীয় কসমেটিক্স এবং ১৪ হাজার ৮৭২ পিস কুকুর ও বিড়ালের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। আটককৃত এসব ভারতীয় মালামালের মূল্য এক কোটি বাষট্টি লক্ষ সত্তর হাজার তিপ্পান্ন টাকা।
শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত কাভার্ড ভ্যানসহ সকল পণ্য শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।





