গোয়ালাবাজারে চোরাই সিএনজি অটোরিক্সাসহ আটক ৪
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৯:০১:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটে পুলিশের বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত চোরাই অটোরিক্সা ক্রয়-বিক্রয়কালে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত (১০ জুলাই) রাত ১২টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাটস্থ প্রভাতী ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
এসময় রেজিস্ট্রেশনবিহীন দুই লাইটের প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের একটি সিএনজিচালিত অটোরিক্সা গাড়ি উদ্ধার করা হয়। এসময় ৪ জনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে জাকির হোসেন (৫০), একই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে রাজিব মিয়া (৩০), দেওয়ান মিয়ার ছেলে জুনাইদ মিয়া (৩০) ও ইয়াছিন মিয়ার ছেলে শিপন মিয়া (২০)।
এ ঘটনায় ওসমানীনগর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, সিএনজি চোরচক্রের ৪জনকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





