জৈন্তা সীমান্তে ৭০ লাখ টাকার চোরাই কফি জব্দ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৯:৫৬:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে বিপুর পরিমাণ ভারতীয় চোরাই কফি জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে জৈন্তাপুর সারিঘাট এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। সীমান্তে ভারতীয় চিনিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর মধ্যে চোরাই কফি ধরা পড়ার ঘটনা এবারই প্রথম বলে জানা গেছে।
শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ জুবায়ের আনোয়ার। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি জৈন্তাপুর বিওপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সীমান্ত থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় একটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কফি পাওয়া যায়। পরবর্তীতে গুণে দেখা যায়, জব্দ করা কফির পরিমাণ ১ হাজার ৯২৮ কেজি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
জব্দকরা কফি বিজিবির হেফাজতে রেখে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





