কাজিরবাজারে চা দিতে দেরি করায় হোটেল কর্মচারী খুন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৯:২৭:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে চা দিতে বিলম্ব হওয়ায় ২২ বছর বয়সী রেষ্টুরেন্ট কর্মচারীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর কাজিরবাজার মাছ বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. দিনার উরফে রুমন। সে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের মৃত তখলিছ মিয়ার ছেলে ও কাজিরবাজারস্থ স্থানীয় মাছ বাজার সংলগ্ন একটি চায়ের দোকানে কাজ করতো। এই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী আব্বাস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে কাজিরবাজার মাছবাজার এলাকায় শাপলা হোটেলে চা চেয়ে বিলম্ব হওয়ায় হোটেল কর্মচারী রোহানের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান বাজারের নাইটগার্ড আব্বাস মিয়া (৫৫)। কথা কাটাকাটির এক পর্যায়ে আব্বাস চলে যান। পরবর্তীতে সকাল ৯টার দিকে তার দুই ছেলে খোকন মিয়া (২৬) ও রোহান মিয়া (২৪) সহ আরো ২ জনকে সাথে নিয়ে শাপলা হোটেলে গিয়ে হোটেল কর্মচারী দিনার উরফে রুমানকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় প্রধান আসামী আব্বাস মিয়াকে পুলিশ বিকেলে আটক করেছে। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার লাশের ময়নাতদন্ত করা হবে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কাজিরবাজারে হোটেল কর্মচারী খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





