শ্রীমঙ্গলে কলেজছাত্র হত্যা মামলায় ২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৬:৩০:৫০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে কলেজছাত্র ও ওয়াইফাই অপারেটরকর্মী হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত গামছা, স্কুলব্যাগ, মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার জেলা পুলিশ আয়োজিত পুলিশ সুপার সম্মেলনকক্ষে এসব তথ্য দেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর দাড়িয়াকান্দি এলাকার মোঃ কাজল মিয়া (২০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রাজাপুর এলাকার মোঃ সিরাজুল ইসলাম (২১)। মাদকাসক্ত দুইজনই বর্তমানে শ্রীমঙ্গলে বসবাস করছেন বলে তিনি জানান।
পুলিশ সুপার বলেন, নিহত হৃদয় আহমেদ ইয়াছিন কমলগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি সে উপজেলার কালীঘাট সড়ক এলাকায় ওয়াইফাই অপারেটর হিসেবে কাজ করতো। অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে সে বন্ধুর কাছ থেকে ধার নেওয়া টাকার দেনায় জড়িয়ে পড়ে। এ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে।
গত ৭ জুলাই উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগান ১ নম্বর সেকশন এলাকায় একটি গাছের নিচে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অবস্থায় মরদেহ উদ্ধার করে। এরপর থেকে বিভিন্নভাবে খোঁজ নিয়ে লাশের পরিচয় শনাক্ত করা হয়। পরবর্তীতে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত হৃদয়ের কাছে প্রায় ২২ হাজার টাকা পাওনা ছিল কাজলের। পরবর্তীতে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে গেলেও চাকরি না হওয়া এবং পাওনা টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে। এ দুই বিষয় নিয়ে ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা সাজানো হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।





