কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টা, স্বামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৭:৪৯:০৪ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে গত শনিবার রাতে স্বামী কর্তৃক ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার ঘটনায় স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪৫)কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গত সোমবার দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে স্থানীয় জনতার সহযোগিতায় আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার পর অন্তঃসত্ত্বা সাবানা বেগম (২০)কে অগ্নিদগ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে নেয়ার পর গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য চিকিৎসকরা সার্জারী বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একটি মৃত কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে সাবানা বেগম আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত খাইরুল আলম চৌধুরীর ছেলে হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪৫) এর সাথে বছরখানেক পূর্বে একই গ্রামের দরিদ্র দিনমজুর আব্দুল জব্বারের মেয়ে সাবানা বেগমের বিয়ে হয়। গত শনিবার রাত ৮টার দিকে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগমকে তার পিত্রালয় থেকে বাড়িতে আনার জন্য স্বামী আক্তার শ্বশুর বাড়িতে যায়। কিন্তু স্ত্রী সাবানা বেগম অসুস্থ থাকায় শ্বাশুড়ী ঐ সময়ে তাকে বাড়ি নিয়ে যেতে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে হোসেন আহমদ চৌধুরী আক্তার শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পরে আক্তার স্থানীয় কান্দলা নয়াবাজার থেকে টাইগারের বোতলে পেট্রোল কিনে শ্বশুর বাড়িতে গিয়ে আচমকা বিছানায় শুয়ে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগমের উপরে ছিটিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। সাবানার চিৎকারে পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভালেও ততক্ষণে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। দ্রুত সাবানাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকগণ সাবানার গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন। পরে রোববার সকাল বেলা অগ্নিদদ্ধ সাবানার একটি মৃত কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে সাবানা বেগমকে ওমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশংকাজনক।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, স্ত্রীকে পেট্রোল ছিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় তার স্বামী আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





