নগরে শিশুর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি, বখাটে আটক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৮:২২:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ১০ বছর বয়সী শিশু মেয়ের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে এক বখাটে যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন জনতা। সোমবার (১৪ জুলাই) বিকেলে নগরীর বাগবাড়ি নরশিংটিলা এলাকায় ঘটনাটি ঘটেছে।বখাটে যুবকের নাম মাহমুদ আলী (৩৫)। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে। বর্তমানে নগরীর শামীমাবাদ এলাকার ১নং রোডের একটি কলোনিতে ভাড়া থাকেন তিনি।
বখাটে মাহমুদ বিবাহিত। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মাহমুদ আলীকে বাগবাড়ি নরশিংটিলা এলাকার একটি বাসার সামনে ঘুরা-ফেরা করতে দেখা যায়। সোমবার বেলা আড়ইটার দিকে স্থানীয়রা দেখেন- ওই বাসার পাশে একটি শিশুমেয়েকে দেখিয়ে দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন তিনি। এসময় স্থানীয় তাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ আসলে মাহমুদকে সোপর্দ করেন জনতা।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক বলেন- বখাটে যুবকের বিরুদ্ধে শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





