জৈন্তা সীমান্তে কোটি টাকার মহিষ জব্দ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৮:১৬:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পৃথক অভিযানে সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা কোটি টাকারও বেশী ভারতীয় চোরাই মহিষ জব্দ করেছে বিজিবি। রোববার ও সোমবার পৃথক অভিযানে এসব মহিষ জব্দ করে জকিগঞ্জ ব্যাটালিয়ান ১৯ বিজিবি।
সোমবার (১৪ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ান ১৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম। তিনি বলেন পৃথক অভিযানে জব্দকৃত ৬৫টি ভারতীয় মহিষের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য ৭৫ লাখ টাকা।
অন্যদিকে, সোমবার (১৪ জুলাই) জৈন্তাপুর বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার মোট বাজারমূল্য ১ কোটি ৫ লাখ টাকা।





