জৈন্তায় ভারতীয় পণ্যসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৯:৩২:৩৬ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে পুলিশের দুইটি অভিযানে ভারত থেকে আসা দেড় টন চুঁইঝালসহ ট্রাক, থ্রী-হুইলার অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার পথে জব্দ করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তামাবিল সড়কের মাহুতহাঁটি সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে গড়ী তল্লাশিকালে একটি ট্রাক গতিরোধ করে তল্লাশী চালালে এক পর্যায়ে ট্রাক হতে ভারতীয় ১৫শ কেজি চুঁইঝাল জব্দ করে পুলিশ। এ চোরাইপণ্যের সাথে থাকা চারজনকেও আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার লুনি গ্রামের ইদ্রিছ আলির পুত্র মোঃ রেজাউল করিম (২৪), বরিশাল জেলার মুলাদী থানার বাইল্লাতলী গ্রামের হাকিম মুন্সির পুত্র সিয়াম মুন্সি (২৪), ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার হুজিখা গ্রামের মৃত আবদুল লতিব তালুকদারের পুত্র মোঃ জিলানী (১৯) ও কুমিল্লা জেলার হোমনা থানার ঘাড়মোড়া গ্রামের মোঃ ফারুক’র ছেলে মোঃ ফাহিম (১৭)। আটককৃত গাড়ী ও জব্দকৃত চুঁইঝালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকার সমপরিমাণ বলে পুলিশ সূত্রে জানা যায়।
অপর এক অভিযানে সিএনজি চালিত থ্রী-হুইলার চুরির সময় স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩০)। সে উপজেলার চারিকাটা ইউনিয়নের পশ্চিম রামপ্রসাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। ভারতীয় চুঁইঝাল পাচারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।





