গোয়াইনঘাটে বিপুল মাদকসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৯:৪০:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একজনকে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার তিতারাই এলাকায় একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম জুবায়ের আহমদ (২২)। তিনি গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল তিতারাই এলাকায় নিয়মিত তল্লাশি চলছিল। এসময় একটি প্রাইভেট কারের পেছনের ডালা থেকে ১০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮১ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





