চাঁদাবাজির মামলায় যুবক আটক
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৯:৪৪:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে চাঁদাবাজীর মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত ১১ টার দিকে শাহপরান থানাপুলিশ মেজরটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আটককৃতের নাম সাহাদত ইসলাম সুমন (৩২)। তিনি মেজরটিলা ইসলামপুর এলাকার পশ্চিম ভাটপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শাহপরান থানাধীন একটি এলাকার দুবাই প্রবাসী ঝিন্টু চন্দ ২০১৩ সালে দেবপুর মৌজার স্বপ্নপুরী আবাসিক এলাকায় ৪ শতাংশ জমি বাসা নির্মাণের উদ্দেশ্যে ক্রয় করেন। সম্প্রতি তিনি উক্ত জমিতে নির্মাণ কাজ শুরু করলে সাহাদত ইসলাম সুমন তার কাছে একাধিকবার ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে সে অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে সুমনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।





